ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী অভিযান, পরিচ্ছন্নতা নিশ্চিতে জেলা প্রশাসকের কঠোর বার্তা
মো:সাইফুল ইসলাম (রানা)
স্টাফ রিপোর্টা :
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ঝালকাঠিতে মাসব্যাপী সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান জোরদার করেছে জেলা প্রশাসন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড প্রয়োগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ এবং হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনের মধ্য দিয়ে চলছে এ কার্যক্রম। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
শনিবার (১০ অক্টোবর) অভিযানের অংশ হিসেবে ঝালকাঠি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম, ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, লার্ভিসাইড প্রয়োগ এবং জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন পৌরসভার বিভিন্ন এলাকার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি মশক নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংস কার্যক্রম তদারকি করেন। পরে ঝালকাঠি সদর হাসপাতালের বিশেষ ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর ঝালকাঠি পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ১০ সেপ্টেম্বর সিভিল সার্জন কার্যালয়ে জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় সমন্বিত পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। সভায় সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
১৯ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের ড্রেনে ফগার মেশিন ও লার্ভিসাইড প্রয়োগ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
২২ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম) ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে চিকিৎসকদের জন্য ডেঙ্গু চিকিৎসাবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এবং সভাপতিত্ব করেন সিভিল সার্জন।
২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ ছাড়া গত ৩ অক্টোবর পরিচ্ছন্নতা-সংক্রান্ত বিধি লঙ্ঘনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা ও অর্থদণ্ড আদায় করা হয়। সর্বশেষ ১০ অক্টোবরও অভিযানের অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখা হয়।
এর আগে গত ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গুবিরোধী কর্মসূচির উদ্বোধন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজ মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং অতিরিক্ত জেলা প্রশাসকরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়।
প্রশাসনের বার্তা—পরিচ্ছন্নতা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এটি ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব। ধারাবাহিক তদারকি, আইন প্রয়োগ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ঝালকাঠিকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক : মোহাম্মদ আল আমিন খান , বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১৫/ ২ দ্বিতীয় তলায়, আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত।
মোবাইল নং : 01836310551, Email: newsnewsammediagroup@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত